দুর্ঘটনার পর দুর্ঘটনার শিকার দেশ। গত বৃহস্পতিবার আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পর রবিবার কেদারনাথ থেকে ফেরা একটি হেলিকপ্টার ভেঙে পড়ে জঙ্গলের মধ্যে। তাতে আগুনও ধরে যায়। সেখানেই মৃত্যু হয় বিমানে থাকা ছয় যাত্রী ও চালকের। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আবার সেই কেদার থেকেই বড় দুর্ঘটনার খবর এল। এবার প্রবল বৃষ্টিতে ভূমি ধসের কবলে পড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। সোনপ্রয়াগ থেকে কেদার যাওয়ার পথেই ধস নামে। আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যার পল তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে সেই এলাকায়। ধসও নেমেছে বিভিন্ন জায়গায়। আবহাওয়া খারাপের কারণেই কপ্টার ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তার উপর ভূমি ধসে মৃত্যু। আর ঝুঁকি নিতে চাইছে না সরকার। আগামী সপ্তাহেও ওই অঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।