বেঙ্গালুরুতে র‍্যাপিডো চালকের থাপ্পড় মহিলা যাত্রীকে

বেঙ্গালুরুর জয়নগরে একজন র‍্যাপিডোর বাইক ট্যাক্সি চালক একজন মহিলা যাত্রীকে সপাটে থাপ্পড় মারছেন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, একটি গয়নার দোকানে কাজ করা ওই মহিলা র‍্যাশ ড্রাইভিংয়ের জন্য মাঝ পথেই প্রতিবাদ করেন। দু’জনের মধ্যে ভাষার সমস্যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। মহিলা ইংরেজিতে কথা বলছিলেন এবং চালক কন্নড় ভাষায় কথা বলছিলেন। মহিলা ভাড়া দিতে এবং হেলমেট ফেরত দিতে না চাইলে পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর সেই ভিডিওতে দেখা যায় বাইক চালক যাত্রী মহিলাকে সপাটে থাপ্পড় মারছেন, যার ফলে তিনি মাটিতে ছিটকে পড়েন। ভিডিওতে, প্রথমে দু’জনকে তর্ক করতে দেখা যায় সঙ্গে ওখানে লোকজনও জমে যায়, অনেকেই সামালানোর চেষ্টা করেন কিন্তু কোনও লাভ হয়নি। লোকটি তাঁকে চড় মারার পরেও কেউ তাকে থামানোর চেষ্টা করেনি। পুলিশের তরফে জানানো হয়েছে যে তারা মহিলাকে এফআইআর দায়ের করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু তিনি বিষয়টি নিয়ে আর এগোতে চাননি। একটি নন-কগনিজিবল অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।