গরমে রীতিমতো পুড়ছে দক্ষিণবঙ্গ। তার প্রভাব পড়েছে উত্তরবঙ্গের সমতলেও। শোনা যাচ্ছে পাহাড়ে গিয়েও মানুষ হোটেলের ঘরে ফ্যান খুঁজছে। তবে আস্বস্ত করছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেলেও এখনও সেই প্রভাব নেই। তবে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে বুধবারই ঢুকে পড়বে বর্ষা। গত কয়েকদিন বার বার আকাশের মুখ ভাড় হলেও বৃষ্টির দেখা পাওয়া যায়নি। ছিটেফোটা বৃষ্টিতে গরম আরও বেড়েছে। প্রাথমিকভাবে কলকাতাসহ জেলাগুলিতে মঙ্গলবার থেকেই বৃষ্টির আভাস পাওয়া যাবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। বাদ পড়বে না দিনাজপুর, মালদহও। তবে পাহাড়ে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়নি।