বিহারের দারভাঙ্গার একটি সরকারি হাসপাতালে ২৫ বছর বয়সী এক নার্সিং ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাঁর শ্বশুরের বিরুদ্ধে। দারভাঙ্গা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিএসসি (নার্সিং) দ্বিতীয় বর্ষের ছাত্র রাহুল কুমারকে তাঁর নববিবাহিতা স্ত্রী তন্নু প্রিয়ার সামনেই গুলি করে হত্যা করা হয়। প্রিয়া ছিলেন নার্সিং-এর প্রথম বর্ষের ছাত্রী। জানা গিয়েছে, রাহুলের সঙ্গে তন্নুর ইন্টারকাস্ট বিবাহের পর তাঁর পরিবার ক্ষুব্ধ ছিল। খুনের পর রাহুলের বন্ধুদের হাতে ধরা পড়ে যায় তন্নুর বাবা। তারা মারধর করার পর তন্নুর বাবা প্রেমশঙ্কর ঝাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য তাকে পাটনায় রেফার করা হচ্ছে।