প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়েছে। বুধবার আদালতে তাঁর স্ত্রী প্রিয়া কাপুর তাঁর সৎ সন্তান যাঁরা সঞ্জয় কাপুরের প্রাক্তন স্ত্রী করিশ্মা কারুরের সন্তান, তাদের ব্যক্তিগত সম্পত্তিতে অধিকারের আবেদনকে চ্যালেঞ্জ করেন। করিশ্মার দুই সন্তানের দায়ের করা আবেদনে সঞ্জয়ের ২১ মার্চের কথিত উইলকে চ্যালেঞ্জ জানানো হয়, যেখানে তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সম্পত্তি তাদের সৎ মা প্রিয়ার নামে রেখে দেওয়া হয়েছিল। সন্তানদের দাবি, সঞ্জয় উইলের কথা উল্লেখ করেননি, প্রিয়া বা অন্য কেউ কখনও এর অস্তিত্বের কথা বলেননি। ১২ জুন ইংল্যান্ডে একটি পোলো ম্যাচ চলাকালীন সঞ্জয়ের মৃত্যু হয়। করিশ্মার সন্তানরা তাদের প্রয়াত বাবার সম্পত্তির এক-পঞ্চমাংশ অংশ চেয়েছে। করিশ্মার মেয়ে সামাইরা কাপুর তাঁর মায়ের মাধ্যমে পিটিশন দায়ের করেছেন, তাঁকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হিসেবে অনুমোদন দিয়েছেন; তার নাবালক ছেলে কিয়ানের আইনী অভিভাবক হিসেবে প্রতিনিধিত্ব করছেন। ২০১৬ সালে করিশ্মা ও সঞ্জয়ের বিবাহ বিচ্ছেদ হয়।