ড্রেন কাটতে গিয়ে উদ্ধার বিপুল পরিমানে সোনার বার

বেলজিয়ামে নর্দমা খননের সময় নির্মাণশ্রমিকরা বিপুল পরিমাণ সোনার বার ও দুর্লভ মুদ্রা খুঁজে পেয়েছেন। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাসেলস থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত সিন্ট-গিলিস-ডেনডারমন্ডে ভূগর্ভস্থ পাইপ পরিবর্তনের নিয়মিত কাজের সময় এই বিপুল পরিমান সম্পদ আবিষ্কৃত হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ ইউরো (প্রায় ৯৮ কোটি টাকা)। মঙ্গলবার কোবে নামের ১৮ বছর বয়সী এক অস্থায়ী কর্মী এটি খুঁজে পান। বেলজিয়ামের সম্প্রচারমাধ্যম ভিটিএম (VTM)-কে তিনি বলেন, “হঠাৎ আমরা সেখানে কিছু একটা পড়ে থাকতে দেখলাম। প্রথমে ভেবেছিলাম ওগুলো ১ ইউরোর মুদ্রা। এরপর আমরা একটি সোনার বার দেখতে পেলাম। পরে দেখা গেল, বিষয়টি আমাদের ধারণার চেয়েও অনেক বড়।” প্রতিবেদন অনুযায়ী, ওই ১৮ বছর বয়সী শিক্ষার্থী সেখানে তার সহকর্মীদের সঙ্গে কাজ করছিলেন।