হাসপাতালে ভর্তি করা হল না ইমরান খানকে

স্বাস্থ্য পরীক্ষার পর শুক্রবার পাকিস্তানের জেলবন্দী প্রক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে পুনরায় আদিয়ালা জেলে ফিরিয়ে নেওয়া হয়েছে; চিকিৎসকরা তাঁকে জেলে রাখার বিষয়টি নিরাপদ বলে মত দিয়েছেন। জেল সূত্রে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে খানকে কারাগারে ফিরিয়ে আনা হয় এবং তাঁকে তাঁর সেলে স্থানান্তর করা হয়। বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর, স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭৩ বছর বয়সী পিটিআই-এর প্রতিষ্ঠাতা খানকে মধ্যরাতের দিকে আদিয়ালা জেল থেকে ওই বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল তাঁকে পরীক্ষা করেন। তবে পরবর্তীতে তাঁকে জেলে ফিরিয়ে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত দেন যে, জেলে তাঁর অবস্থান নিরাপদ।