ইউক্রেনের রাজধানী কিয়েভের অদূরে বুচা জেলায় রাশিয়ার হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে সৃষ্ট বড় আকারের অগ্নিকাণ্ড আশেপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মাইলা গ্রামে একটি গুদামে আঘাতের পর সেখানে বিস্ফোরণ ঘটে। তিনি ঘটনাস্থল সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও একই বার্তায় উল্লেখ করেন যে, এ ঘটনায় ‘দাপ্তরিক অবহেলা’র অভিযোগে আইনি কার্যক্রম শুরু করা হয়েছে। জেলেনস্কি বলেন, “এ বিষয়ে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে—বাড়িঘর বা অন্যান্য আবাসিক এলাকার কাছাকাছি কোনওভাবেই গোলাবারুদ মজুদ করা যাবে না।” ইউক্রেনীয় নেতা আরও জানান যে, হামলায় বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের একটি পরিচর্যাকেন্দ্র এবং বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “ইতিমধ্যে ৩৭০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই কার্যক্রম এখনও চলছে।” কিয়েভে প্রায় বিরতিহীন বিমান হামলা এখন তৃতীয় দিনে গড়িয়েছে। প্রতিবেশী দেশটিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের সাড়ে চার বছরেরও বেশি সময় পর এই হামলা ইউক্রেনের রাজধানীর অর্থনীতিকে স্থবির করে দিয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।