ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘ সময় ধরে নজরদারি চালানোর পর পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে বিএসএফ (BSF)। অভিযানে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা—যার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার টাকা। পাচারচক্রে জড়িত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা নদীয়ার বানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জওয়ানরা দীর্ঘ সময় ধরে নজরদারি চালানোর সময় ওই মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা ওই সোনা উদ্ধার করা হয়। বিএসএফ-এর হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার টাকা; সীমান্তে হওয়া বড় ধরনের উদ্ধার অভিযানের মধ্যে এটি অন্যতম।