তিব্বত-সংলগ্ন পশ্চিম নেপালের হিমলুং হিমাল পর্বতের বেস ক্যাম্পে তুষারধসের ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন বলে রবিবার অভিযাত্রী দলের আয়োজকরা নিশ্চিত করেছেন। অভিযান আয়োজক মিংমা গ্যালজে শেরপা নিশ্চিত করেছেন যে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তাঁর দলের দু’জন রান্নাঘরের কর্মীও রয়েছেন। তিনি বলেন, “রবিবার সকালে এই তুষারধসের ঘটনাটি ঘটে।” শেরপার তথ্য মতে, গত সপ্তাহে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা জারির পর অভিযাত্রী দল ও রোপ-ফিক্সিং (দড়ি বাঁধার) কর্মীরা পাহাড়ের ঢাল থেকে সরে এসেছিলেন; তবে কিছু মানুষ অনিচ্ছাসত্ত্বেও সেখানে থেকে গিয়েছিলেন।