September 30, 2026
কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে বুধবার ছুরিদিয়ে সহপাঠীর গলায় আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বই ছেঁড়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় এবং তা শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর ঘটনার রূপ নেয়। আহত ছাত্রকে দ্রুত রুবি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
সম্প্রতি ওই ছাত্র তার এক সহপাঠীর বই ছিঁড়ে ফেলেছিল, যার জন্য শিক্ষকতাকে বকেন। অভিযোগ, এই ঘটনার জেরেই তার মনে ক্ষোভের সৃষ্টি হয়। আক্রান্ত ছাত্রের বাবার দাবি, ক্লাসে বকুনি খাওয়ার কারণেই অভিযুক্ত তার ছেলেকে হত্যার পরিকল্পনা করেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রটি বাড়ি থেকে ছুরি নিয়ে এসেছিল এবং দুপুর সাড়ে ১২টার দিকে সহপাঠীর ওপর হামলা চালায়। অস্ত্র নিয়ে কীভাবে সে স্কুলের ভেতরে প্রবেশ করল, তানিয়ে প্রশ্ন উঠেছে।
এও জানা গিয়েছে, নাবালক হিসেবে হত্যার অপরাধ করলে কী শাস্তি হতে পারে, সে সম্পর্কে ওই ছাত্রের ধারণা ছিল। সে জানত যে, হত্যার অভিযোগউঠলে তাকে কিশোর আদালতে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং এরপর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে। এমনকি আঠারো বছর বয়স পূর্ণ হওয়ার আগেই সে মুক্তি পেয়ে যাবে বলেও তার বিশ্বাস ছিল। আক্রান্ত ছাত্রের বাবার মতে, হত্যার এই পরিকল্পনাটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। স্কুল কর্তৃপক্ষ গড়িয়াহাট থানায় বিষয়টি জানিয়েছে।
পুলিশের তথ্যমতে, গত বছর অভিযুক্ত ছাত্রের মা আত্মহত্যা করেছিলেন এবং এরপর থেকেই তার আচরণে পরিবর্তন দেখা দেয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) কুণাল আগরওয়াল জানিয়েছেন যে, অভিযুক্ত ছাত্রটি অটিজম-এ আক্রান্ত। এই ঘটনায় স্কুলের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।