সমুদ্রের স্রোতে ভেসে গেল ১৬ বছর বয়সী আট ছাত্র

মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিভেগর সমুদ্র সৈকত এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল। সেখানে পুনের আটজন কিশোর শিক্ষার্থী সমুদ্রের প্রবল স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এবং সকলেরই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের সবার বয়স ১৬ বছর। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এই শিক্ষার্থীরা পুনে জেলার আলান্দির ‘উইনার্স অ্যাকাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের দলের সদস্য ছিল এবং তারা এই ভ্রমণের জন্য প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে গিয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী ও ছয়জন শিক্ষকসহ মোট ৪৮ জনের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে পিকনিক করতে গিয়েছিল। তিনি আরও বলেন, আটজন শিক্ষার্থী সমুদ্রে নামলে জলের গভীরতা ও স্রোত বুঝতে ভুল করার ফলে তারা স্রোতের টানে ভেসে যায়।