দিল্লিতে আবার ভেঙে পড়ল বহুতল, আটকে অনেকে

উত্তর-পূর্ব দিল্লির সীমা পুরী এলাকায় বুধবার একটি চারতলা বাড়ি ধসে পড়ার পর বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

সত্য নিকেতনে একটি হস্টেলবাড়ি ধসের ঘটনায় সাতজনের মৃত্যু ও আরও অনেকে আহত হওয়ার ঘটনার ঠিক এক মাস পরেই এই দুর্ঘটনাটি ঘটল। দিল্লি ফায়ার সার্ভিস (DFS) বিকেল ৩টা ৩০ মিনিটে খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়।একজন কর্মকর্তা জানিয়েছেন, “উদ্ধারকাজ চলছে।”


দিল্লি ট্রাফিক পুলিশ ‘এক্স’ (X) পোস্টে লিখেছ, “সীমা পুরীতে একটি বহুতল বাড়ি ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। সীমা পুরী গোল চক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তা ফাঁকা থাকলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি দ্রুত যাতায়াত করতে পারে। সম্ভব হলে এই এলাকাটি এড়িয়ে চলুন। ঘটনাস্থলের কাছে গাড়ি থামাবেন না, পার্ক করবেন না বা ভিড় করবেন না এবং ট্রাফিক কর্মীদের নির্দেশ মেনে চলুন।”