মহারাষ্ট্রের প্রায় ১,৭০০ ফুট উঁচু কোকণকাদা ক্লিফ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন গুজরাটের ২৪ বছরের যুবক বিশ্বরাজসিংহ ময়ূরসিংহ গোহিল। তিনি ভাবনগরের বাসিন্দা এবং ডাক বিভাগের কর্মী ছিলেন। মৃত্যুর আগে প্রায় ১৩ মিনিটের একটি ভিডিও রেকর্ড করেন তিনি। সেখানে স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলেন গোহিল। জানা গিয়েছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু মাত্র আট মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে। ১২ সেপ্টেম্বর তাঁর স্ত্রী গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন। সেই মামলায় ৯ অক্টোবর আদালতে হাজিরাও দিয়েছিলেন গোহিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।