পুণের আদালত চত্বরেই খুনের অভিযুক্তকে কোপ, চলল গুলিও!

আদালত চত্বরে আইনি প্রক্রিয়া চলাকালীন এক খুনের অভিযুক্তের উপর ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের পুণেতে। বুধবার দুপুরে শিবাজিনগর আদালত চত্বরে ধারালো অস্ত্র দিয়ে বারবার কোপানো হয় মন্দার মারুতি কিওয়ালে নামে ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ।

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। হামলার জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর অভিযুক্ত দুই হামলাকারী দু’টি স্কুটারে চেপে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার পর রক্তে ভেসে গেলেও কোনও রকমে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেও দেখা যায় মন্দারকে। এমনকী আহত অবস্থায় তাঁকে হাঁটার চেষ্টাও করতে দেখা গিয়েছে।


তবে হামলার পিছনে ঠিক কী কারণ রয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং গুলি চালানোর অভিযোগের সত্যতা কতটা, তা তদন্তসাপেক্ষ। হামলাকারীদের পরিচয় ও তাঁদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।