মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাঁর অ্যাপার্টমেন্টে ২৩ বছর বয়সী এক ভারতীয় ছাত্রীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। রাজ্যলক্ষ্মী (রাজি) ইয়ারলাগাড্ডা নামে ওই ছাত্রী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং সম্প্রতি টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়-কর্পাস ক্রিস্টি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি খুঁজছিলেন। ইয়ারলাগাড্ডা ৭ নভেম্বর মারা যান। তাঁর খুড়তুতো ভাই চৈতন্য ওয়াইভিকে জানিয়েছেন, গত দুই থেকে তিন দিন ধরে তিনি তীব্র কাশি এবং বুকে ব্যথায় ভুগছিলেন। দুঃখজনকভাবে, ২০২৫ সালের ৭ নভেম্বর সকালে, অ্যালার্ম বাজলেও তিনি ঘুম থেকে ওঠেননি। মনে করা হচ্ছে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর। তার বন্ধুদের তরফেও জানানো হয়েছে যে তিনি ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়ারলাগাড্ডার মৃতদেহের মেডিকেল পরীক্ষা চলছে।