সোমবার বেঙ্গালুরুতে একটি অ্যাপার্টমেন্টে একই পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃতরা হলেন সোমাসুন্দর (৫৫), তাঁর স্ত্রী মুথুলক্ষ্মী (৪৮) এবং তাঁদের ছোট মেয়ে সুপ্রিয়া (২০)। অভিযোগ, ছুরির আঘাতে তাঁদের হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, ওই দম্পতির বড় মেয়ে শ্বেতা এবং তাঁর প্রেমিক কেনেথ—যাঁরা ‘লিভ-ইন’ সম্পর্কে রয়েছেন—এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্তরা বর্তমানে পলাতক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কেনেথের সঙ্গে শ্বেতার সম্পর্কের বিষয়টি তাঁর বাবা-মা মেনে নেননি। পুলিশের ধারণা, এই বিরোধই হয়তো হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার কেআর পুরম থানা এলাকার সিগেহল্লির ধামনিক লেআউটে অবস্থিত ‘সাই গ্রিন অ্যাপার্টমেন্ট’-এ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত কি না এবং শ্বেতা ও কেনেথ যৌথভাবে এতে অংশ নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কেআর পুরম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো ইস্ট পয়েন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।