মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছিল। এই সপ্তাহে ঘোষিত একটি বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশ অনুসারে, “ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশন থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।” আদেশে আরও বলা হয়েছে, নয়াদিল্লি মার্কিন জ্বালানি পণ্যও কিনবে এবং “সম্প্রতি আগামী ১০ বছরে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কাঠামোতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।” অতিরিক্ত ২৫ শতাংশ মার্কিন শুল্ক শনিবার সময় রাত ১২:০১ মিনিটে প্রত্যাহার করা হবে। ট্রাম্প ভারত থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করার কয়েক দিন পরেই এই নির্বাহী আদেশটি এলো। ট্রাম্প বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।