অপরাজিত ৩৫০ রানে তাওহিদ হৃদয় ভাঙলেন একাধিক রেকর্ড

পচেফস্ট্রুমে বাংলাদেশ ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের মধ্যে এক অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচে বুধবার দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়; ৪৮১ বলে অপরাজিত ৩৫০ রান করে তিনি ভেঙেছেন একাধিক রেকর্ড। হৃদয়ের এই ৩৫০ রানের ইনিংসটি প্রথম-শ্রেণীর ক্রিকেটে কোনও বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড গড়েছে; এর আগে ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট লিগের একটি ঘরোয়া ম্যাচে তামিম ইকবাল অপরাজিত ৩৩৪ রান করেছিলেন। কোনও ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডেও হৃদয় ছাড়িয়ে গেছেন ভারতের তারকা ব্যাটার চেতেশ্বর পূজারাকে। ২০১৩ সালে হুবলিতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে পূজারা ৩০৬ রানের ইনিংস খেলেছিলেন; ১৩ বছর পর হৃদয় সেই রেকর্ডটি নিজের করে নিলেন। এছাড়া দেশের বাইরে কোনও ‘এ’ দলের হয়ে অনানুষ্ঠানিক ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও হলেন হৃদয়। ২৫ বছর বয়সী এই বাংলাদেশি তারকা ৭৮ বছরের পুরনো একটি রেকর্ডও ভেঙেছেন—দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম-শ্রেণীর কোনও ম্যাচে বিদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন তাঁর দখলে। এর আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি ডেনিস কম্পটনের; ১৯৪৮ সালে নর্থ ইস্টার্ন ট্রান্সভালের বিপক্ষে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে তিনি ৩০০ রান করেছিলেন।