গত রাতে অসমের কার্বি আংলং জেলায় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুই পাইলটের মৃত্যু হয়েছে। বিমান বাহিনীর চরফে জানানো হয়েছে, পাইলটদের নাম স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। “এই শোকের সময়ে ভারতীয় বিমান বাহিনীর সকল কর্মী আন্তরিক সমবেদনা প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে থাকবে,” বিমান বাহিনী এক্স-এ পোস্ট করেছে। আইএএফ এসইউ-৩০ এমকেআই একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং জোরহাট বিমানঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায়, প্রায় ৬০ কিলোমিটার দূরে বিমানটি ভেঙে পড়ে। রাত ৭.৪২-এ রাশিয়ান বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এটি একটি পাহাড়ি এলাকায় ভেঙে পড়ার খবর পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা পাহাড় থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা, তার পরই আগুনের একটি গোলাও দেখা যায়।