আন্দোলন শুরুর আগেই বাড়ি থেকে আটক ধ্রুব রাঠী

যন্তর মন্তরে কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত প্রতিবাদের আগে শনিবার ইউটিউবার ধ্রুব রাঠীকে দিল্লি পুলিশ গুরুগ্রামের সেক্টর ৫৬-এ তাঁর বাসভবন থেকে আটক করেছে। ধ্রুব রাঠী বিক্ষোভে যোগ দিতে এসেছেন ভারতে। এই  বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি পুলিশের প্রায় ৫০ জন পুলিশ সদস্য শনিবার সকালে রাঠীর গুরুগ্রামের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে। সিজেপির তরফে “ধ্রুব রাঠির অবিলম্বে মুক্তি” দাবি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাঠী তাঁর এক্স অ্যাকাউন্টে শনিবারের প্রতিবাদে তাঁর অংশগ্রহণের কথা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। নরেন্দ্র মোদী সরকারের সমালোচক হিসেবে পরিচিত রাঠী এই সপ্তাহের শুরুর দিকেই জার্মানি থেকে ভারতে ফিরেছিলেন এবং ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে রাঠীর বিশাল ফলোয়ার রয়েছে; ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৯২ লাখ (১৯.২ মিলিয়ন), ‘এক্স’-এ ৩৩ লাখ (৩.৩ মিলিয়ন) এবং ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ (৩৩ মিলিয়ন)।