বৃহস্পতিবার নাগারাগাওয়া ইন্টারন্যাশনাল রেগাটা কোর্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারতীয় রোয়ার সাতনাম সিং ও সলমন খান পুরুষদের ডাবল স্কালস ইভেন্টে ৬:১৩.২৫ সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। অন্যদিকে, পুরুষদের সিঙ্গল স্কালস ফাইনালে অল্পের জন্য পদক হাতছাড়া করে চতুর্থ স্থান অর্জন করেন বলরাজ পানওয়ার। সাতনাম ও সলমন ৬:১৩.২৫ সময় নিয়ে তৃতীয় হন। এই ইভেন্টে ৬:০৯.৭৭ সময় নিয়ে স্বর্ণপদক জেতেন চিনের জুদি ই ও ইদে নি এবং ৬:১০.৪৯ সময় নিয়ে রুপো জেতেন উজবেকিস্তানের পাভেল সোরিন ও মেখরাজবেক মামাতকুলভ। ১০০০ মিটার বা অর্ধেক পথ অতিক্রম করার সময় উজবেকিস্তান ও চিনের প্রতিযোগীদের পেছনে থেকে ভারতীয় জুটি ব্রোঞ্জ পদক জয়ের অবস্থানে ছিল। এরপর শেষ ৫০০ মিটার বাকি থাকতে তারা দ্বিতীয় স্থানে উঠে এলেও, শেষ পর্যায়ে অন্য প্রতিযোগীরা তাদের পেছনে ফেলে দেয় এবং তারা তৃতীয় স্থানে থেকেই রেস শেষ করেন।