কলকাতায় মেট্রো টানেলে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ

পার্কস্ট্রিট ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো টানেলে  একজনকে পড়ে থাকতে দেখে মেট্রো কর্তৃপক্ষ। ঘটনাটি নজরে আসে বৃহস্পতিবার গভীর রাতে। রাত তখন প্রায় আড়াইটে। সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। তার আগেই অবশ্য মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির। এখনও তাঁর পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়েছেন তিনি। তাঁর হাতে পোড়ার দাগও লক্ষ্য করা গিয়েছে। তবে কীভাবে তিনি মেট্রোর টানেলে পৌঁছলেন এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। এর থেকে মেট্রোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ।