কেতন আগরওয়াল খুনে গ্ৰেফতার তৃতীয় ব্যক্তি

পুনেতে বাগদত্ত কেতন আগরওয়ালকে খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত—সিয়া গয়াল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীর—পর এবার তৃতীয় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার পুলিশ জানিয়েছে। শুক্রবার গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম রিতেশ হাঙ্গে; তিনি চেতন চৌধুরীর বন্ধু। অভিযোগ রয়েছে, গত ১৮ জুন লোহাগড় দুর্গে রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়ালকে হত্যার পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। উল্লেখ্য, ওই সময় কেতন আগরওয়াল সিয়া গয়ালের সঙ্গে ট্রেকিংয়ে গিয়েছিলেন। পুনে গ্রামীণ এলাকার পুলিশ সুপার সন্দীপ সিং গিল বলেন, “তদন্তের সময় জানা গিয়েছে যে কেতন আগরওয়ালকে হত্যার পরিকল্পনায় রিতেশ জড়িত ছিলেন। কেতনের হাত-পা ভেঙে তাঁকে আহত করা এবং পরবর্তীতে তাঁকে সরিয়ে ফেলার (হত্যা করার) বিষয়ে গয়াল ও চৌধুরীর আগের পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত ছিলেন।” সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, আরেকজন পুলিশ কর্মকর্তা জানান, “১৮ জুন লোহাগড় দুর্গে হত্যাকাণ্ডটি সংঘটিত করার পর চেতন রিতেশের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে বিষয়টি জানান।”