উত্তর-পূর্ব দিল্লিতে রবিবার সন্ধ্যায় একটি বাড়ির দু’টি স্ল্যাব ভেঙে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃতদের পরিচয় চন্দরপাল (৬০) এবং বিজয় কুমার (৩৩) বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রের অনুমান, তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে।
আচমকাই বাড়িটির দু’টি স্ল্যাব ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন চন্দরপাল ও বিজয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দল ও পুলিশকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর দু’জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িটির মালিক মনোজ কুমার। বাড়িটির নিচতলায় একটি গোডাউন ছিল। তার উপরে প্রথম তলায় একটি নির্মাণ কাজের জন্য কাঠামো ছিল। রবিবার সন্ধ্যায় গোডাউন এবং প্রথম তলার ওই কাঠামো—দুটিই ভেঙে পড়ে।