দিল্লিতে তড়িঘড়ি আরও একটি পেয়িং গেস্ট বাড়ি খালি করা হল

রাজধানীর চিরাগ দিল্লি এলাকায় একটি ‘পেয়িং-গেস্ট’ আবাসনের প্রধান দরজা থেকে ওপরের তলা পর্যন্ত বড় একটি ফাটল দেখা দেওয়ায় গভীর রাতে সতর্কতা হিসেবে চারতলা ভবনটি থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। পরিদর্শনের পর ওই পেয়িং-গেস্ট আবাসনের সামনের ও পেছনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সত্য নিকেতনে একটি পেয়িং-গেস্ট ভবন ধসে পাঁচ শিক্ষার্থী ও দুই শ্রমিকসহ সাতজনের মৃত্যুর ঘটনার কয়েক দিনের মধ্যেই এই বাড়িটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘটনাটি ঘটল। চিরাগ দিল্লির ভবনটির ভেতরে ক্ষতির চিহ্ন স্পষ্ট ছিল। মেঝেজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে ছিল সিমেন্টের টুকরো ও ধ্বংসাবশেষ। কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত মনে হচ্ছিল এবং কোথাও কোথাও বৈদ্যুতিক তার বেরিয়ে থাকতে দেখা যাচ্ছিল। এছাড়া দেওয়াল ও ছাদ থেকে জল চুইয়ে পড়ার দাগ এবং স্যাঁতসেঁতে ভাবও চোখে পড়ছিল। সত্য নিকেতনের ঘটনার পর তৎপড়তা বেড়েছে দিল্লি জুড়ে। তবে তা দীর্ঘস্থায়ী কিনা সেটা সময়ই বলবে।