দিল্লির ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তুপের নিচ থেকে ফোন

দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে ধসে পড়া ছয়তলা বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে অনেক শিক্ষার্থী ফোন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক অনিল শর্মা। তিনি নিশ্চিত করেছেন যে, বাড়িটি কলেজ শিক্ষার্থীদের জন্য ‘পেয়িং গেস্ট’ (পিজি) বা ভাড়ার আবাসন হিসেবে ব্যবহৃত হতো। তবে ঠিক কতজন ভেতরে আটকে পড়েছেন, তা নিশ্চিত করতে পারেননি বিজেপির এই বিধায়ক। দুর্ঘটনাস্থল থেকে তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা; এর চেয়ে হৃদয়বিদারক আর কিছু হতে পারে না। পড়াশোনার জন্য বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে এসে এই বাড়ির পিজি-তে থাকতেন; সেই বাড়িটিই ধসে পড়েছে। ভেতরে ঠিক কতজন—পাঁচ, দশ নাকি বিশজন—শিক্ষার্থী আটকে পড়েছেন, সেই সঠিক সংখ্যা বলা কঠিন হলেও আমরা নিশ্চিত যে শিক্ষার্থীরা ভেতরে আটকে রয়েছেন।”