আরজিকর হাসপাতালে কর্মরত ডাক্তারকে ধর্ষণ ও খুনের এক বছর হয়ে গেল। গত একবছর এর প্রতিবাদে কমবার গর্জে ওঠেনি কলকাতা শহর। তার এক বছরে যে আরও একবার নতুন করে প্রতিবাদের রাস্তায় হাঁটবে মানুষ তা তো স্বাভাবিকই। তবে ৯ অগস্ট নবান্ন যাত্রা নিয়ে কড়া বার্তা দিয়ে দিল কলকাতা ও রাজ্য পুলিশ। তাঁরা জানিয়ে দিল, কোনওভাবেই নবান্ন ও কালীঘাটে কোনও মিছিল বা প্রতিবাদ সভা করা যাবে না। তারা এও জানায় তাদের কাছে এই মিছিল বা সভা নিয়ে কোনও অনুমতি চাওয়া হয়নি। তাঁরা সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া থেকে জেনেই পদক্ষেপ নিয়েছে। যাতে প্রতিবাদকারীরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী তা করতে পারে তার জন্য দুটো জায়গাও বেছে দিয়েছে পুলিশ। একটি সাঁতরাগাছি বাসস্ট্যান্ড ও দ্বিতীয়টি হল রানি রাসমণি চত্তর। পুলিশের তরফে জানানো হয়েছে, নবান্ন হাই সিকিউরিটি জোন হওয়ায় সেখানে কোনও মিছিল, মিটিংয়ের অনুমতি দেওয়া সম্ভব নয়। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ করা হয়েছে।