অভিনেতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা জয় বন্দ্যোপাধ্যায় সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। নিউমোনিয়ায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। ১৭ অগস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। শেষ পর্যন্ত এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। বাংলা সিনেমার জগতে কম সময় হলেও নিজের একটা জায়গা করে নিয়েছিলেন। পর পর বেশ কয়েকটি হিট সিনেমা দিয়েও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল। পরবর্তী সময়ে তেমন কোনও কাজ পাননি আর। তা নিয়ে তাঁর গলায় বিভিন্ন সময়ে অভিযোগও শোনা গিয়েছিল। গত বেশ কয়েকমাস একদমই আড়ালে চলে গিয়েছিলেন। মা ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।