পূর্ব ফ্রান্সে একটি ইউটিলিটি ভ্যানের ভেতর তালাবদ্ধ অবস্থায় থাকার পর ৯ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার বাবাকে আটক করা হয়েছে। প্রসিকিউটর নিকোলাস হেইটজ শনিবার এক বিবৃতিতে জানান, সুইজারল্যান্ড ও জার্মানি সীমান্তের কাছে অবস্থিত হ্যাগেনবাখ গ্রামে সোমবার একটি ভ্যান থেকে “শিশুর কান্নার শব্দ” ভেসে আসছে—এমন খবর পেয়ে এক প্রতিবেশী পুলিশকে সতর্ক করেন। হেইটজ আরও জানান, ভ্যানটির দরজা জোর করে খোলার পর পুলিশ শিশুটিকে “আবর্জনার স্তূপের ওপর এবং মলমূত্রের মধ্যে একটি কম্বল গায়ে সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখতে পায়। ওই বিবৃতিতে বলা হয়েছে, শিশুটি যে স্পষ্টতই অপুষ্টিতে ভুগছিল তা বোঝা যাচ্ছিল; তাছাড়া দীর্ঘ সময় ধরে বসে থাকার কারণে সে আর হাঁটতে পারছিল না। প্রসিকিউটর জানান, শিশুটির বাবা তদন্তকারীদের জানিয়েছেন যে, তিনি ২০২৪ সালের নভেম্বর মাসে শিশুটিকে সুরক্ষিত করার উদ্দেশ্যে ভ্যানটিতে রেখেছিলেন; কারণ তাঁর সঙ্গী (শিশুর সৎমা) ৭ বছর বয়সী ওই শিশুটিকে একটি মানসিক হাসপাতালে পাঠাতে চেয়েছিলেন।