ভারতীয় সিনেমায় রেকর্ড ভেঙে চলেছে ধুরন্ধর

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’এর দৌঁড় চলছেই। বহু বছর পর বক্স অফিসের ইতিহাসে এভাবে ঝড় তুলেছে কোনও হিন্দি বলিউড সিনেমা। মাত্র ২৪ দিনে অ্যাকশন থ্রিলারটি বিশ্বব্যাপী ১,০৫০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে এবং সর্বকালের অন্যতম সেরা ভারতীয় ব্লকবাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে। ২৮ ডিসেম্বর, চতুর্থ রবিবার, ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১,০৬৪ কোটি টাকা আয় করে শাহরুখ খানের ‘পাঠান’ এবং প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’-এর আজীবন সংগ্রহকে ছাড়িয়ে গিয়েছে। এর মাধ্যমে ছবিটি আনুষ্ঠানিকভাবে সর্বকালের সপ্তম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে পরিণত হয়েছে। আদিত্য ধর পরিচালিত ছবিটি সপ্তাহের পর সপ্তাহ ধরে নতুন রেকর্ড গড়ে চলেছে। দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ঐতিহাসিক সংখ্যায় আয়ের পর, ‘ধুরন্ধর’ তার চতুর্থ সপ্তাহান্তে আরও একটি অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছে, ৬২ কোটি টাকা সংগ্রহ করে।