দিল্লির জন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে বিচারবিভাগীয় হেফাজতে থাকা ককরোচ জনতা পার্টি (CJP)-র দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিলেন দিল্লির এক স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। গত ১৪ অক্টোবর থেকে তাঁরা বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।
অভিযোগ, জন্ত্য মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থল হিসেবে বাতিল বা ‘ডিনোটিফাই’ করার প্রতিবাদে গত ১৩ অক্টোবর সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সেখানে প্রবেশ করেন। বন্ধ থাকা জন্তর মন্তরের গেট টপকে ভিতরে ঢুকে তাঁরা জাতীয় পতাকা ওড়ান। এই ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়।
সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দু’জনেই ককরোচ জনতা পার্টির মুখপাত্র। তাঁদের দাবি ছিল, জন্তর মন্তর দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও গণআন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। সেই জায়গাকে প্রতিবাদস্থল হিসেবে বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা সেখানে গিয়েছিলেন।