বৃহস্পতিবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় একটি ‘অবৈধ’ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের ডিজি আই নংরাং বলেন, “আমরা এখন পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করেছি। বিস্ফোরণের সময় খনিটির ভেতরে ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।” তিনি জানান, উদ্ধারকারীদল তল্লাশি অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, ঘটনাটি সকালে থাংঙ্কু এলাকায় ঘটেছে এবং ধারণা করা হচ্ছে, ওই স্থানে অবৈধভাবে কয়লা খননের কাজ চলছিল। পূর্ব জয়ন্তিয়া হিলসের পুলিশ সুপার বিকাশ কুমার জানান, বিস্ফোরণে আহত একজনকে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়।