একজন মহিলা যার ‘মৃত্যু’র জন্য তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা দুই বছর ধরে যৌতুক হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁকে এতদিন পর জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে। ২০ বছর বয়সী এই মহিলা ২০২৩ সালে উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় তাঁর শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান, তাঁর পরিবার সেই বছরের ২৩ অক্টোবর একটি নিখোঁজ ব্যক্তির মামলা দায়ের করে। ব্যাপক অনুসন্ধানের পরেও যখন তাঁর কোনও সন্ধান পাওয়া যায় না, তখন তাঁর পরিবার অভিযোগ করে যে তাঁকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে এবং আদালতের নির্দেশে, তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির আরও ছ’জন সদস্যের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪বি ধারা (যৌতুক মৃত্যু)-সহ একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দুই বছর ধরে চলছিল এবং উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নজরদারি দল শেষ পর্যন্ত সেই নিখোঁজ মহিলাকে মধ্যপ্রদেশ থেকে খুঁজে বের করে।