রবিবার থেকে বাংলা জুড়ে ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগে থেকেই। তবে তার ইঙ্গিত পাওয়া গেল শনিবারই। সন্ধে থেকে অল্প সময়ের জন্য হলেও বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলির বেশ কিছু এলাকা। রবিবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে এবং তা চলবে সোম ও মঙ্গলবার পর্যন্ত। রবিবার হালকা হলেও পরের দুই দিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় রবিবার থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টি। বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। বুধবারও দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে পুরো সপ্তাহ ধরেই বৃষ্টি চলার পূর্বাভাস রয়েছে।