রাশিয়ার হামলায় ইউক্রেনে মৃতদের মধ্যে ভারতীয়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশ-থেকে-নিক্ষেপযোগ্য বোমা ব্যবহার করে রাশিয়ার চালানো বড় ধরনের এক রাতের হামলায় অন্তত ১২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। কিয়েভ, ওডেসা এবং আরও কয়েকটি অঞ্চলে চালানো এই হামলায় আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে; পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ব্যাহত হয়েছে জরুরি পরিষেবা। কিয়েভে একটি রেলওয়ে ডিপোতে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বোরিসপিলে একটি পাঁচতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার প্রায় ৫০ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। জেলেনস্কির তথ্যমতে, ওই শহরে চারজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন যে, একজন ভারতীয় নাগরিকসহ মোট নিহতের সংখ্যা বেড়ে ১২-তে দাঁড়িয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর লক্ষ্যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এসব হামলার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেন।