রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

মঙ্গলবার ভোরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দু’টি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে আগুন লেগে গিয়েছে এবং ক্ষতি হয়েছে। ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে তেহরানের প্রতিশোধমূলক হামলার ফলে চতুর্থ দিনের মতো মধ্যপ্রাচ্য উত্তপ্ত থাকা অবস্থায় এই হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, “প্রতিশোধ কী হবে তা শীঘ্রই তোমরা জানতে পারবে।” সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এর একটি পোস্টে বলেছে যে প্রাথমিক মূল্যায়নে দেখা গিয়েছে যে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে দু’টি ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে সোমবার রাতে আগুন লেগে যায় বাড়িটিতে। ভোরে ভবনটি খালি থাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এর সত্যতা যাচাই করা যায়নি এখনও, এমন একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস থেকে বিশাল আগুন এবং ঘন ধোঁয়া বের হচ্ছে।