লন্ডনে নিজের বাড়িতেই আগুনে মৃত ভারতীয় যুবক

লন্ডনে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্ধ্রপ্রদেশের ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। জি অভিষেক নামে ওই ব্যক্তি কাকিনাড়া জেলার পেদ্দাপুরম শহরের কোন্ডায়াপেটা এলাকার বাসিন্দা। তিনি ২০২৩ সালে এমবিএ ডিগ্রির জন্য লন্ডনে চলে যান এবং উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের সুযোগের জন্য সেখানেই থেকে যান। সোমবার ভোর দেড়টার দিকে দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে দুপ্পাস হিল টেরেসে একটি দোতলা বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটে। জরুরি দল পৌঁছানোর আগেই আগুন দ্রুত বাড়িটির গ্রাউন্ড ও ফাস্ট ফ্লোরে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অভিষেককে মৃত ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের ধারণা, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তৃতীয় ব্যক্তি পালাতে সক্ষম হন তবে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।