শাহরুখের মন্নতে উদ্ধার সাঁপ, আরও একটির খোঁজ চলছে

১৭ অগস্ট সন্ধ্যায় শাহরুখ খানের মুম্বইয়ের বাসভবন ‘মন্নত’-এর বাগানে একটি শেডের নিচে দু’টি সাপকে একে অপরের সঙ্গে জড়ানো অবস্থায় দেখা যায়; এর ফলে সাপ উদ্ধারকারী দল ও বন বিভাগের কর্মকর্তারা তল্লাশি অভিযান শুরু করেন। রাত ৮টার দিকে সাপ দু’টি নজরে আসার পর বান্দ্রা পশ্চিমের ওই বাংলোতে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে ডাকা হয়। তিনি বিষয়টি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানের মুম্বই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে জানান। দুবে সাপ দু’টির মধ্যে একটিকে নিরাপদে ধরতে সক্ষম হন, যার দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট। উদ্ধার হওয়া সাপটি ছিল একটি ‘ধামন’ বা ‘ইন্ডিয়ান র‍্যাট স্নেক’ (ভারতীয় ইঁদুরভুক সাপ)—এটি একটি বিষহীন প্রজাতির সাপ যা মানুষের জন্য কোনও হুমকি সৃষ্টি করে না। তবে, আশপাশে লোকজন জড়ো হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি পালিয়ে যায়। সাপটির পালিয়ে যাওয়ার ঘটনায় ‘মন্নত’-এর নিরাপত্তা কর্মী ও বাড়ির সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং গভীর রাত পর্যন্ত পুরো চত্বরে তল্লাশি চালানো হয়। অনেক চেষ্টা সত্ত্বেও দ্বিতীয় সাপটির কোনও সন্ধান পাওয়া যায়নি।