অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলে বৃহস্পতিবার এলকেজি-র এক ছয় বছর বয়সী ছাত্রের মৃত্যুতে প্রশ্ন উঠছে স্কুলের শিক্ষককে নিয়ে। পরিবারের অভিযোগ, বাড়ির কাজ (হোমওয়ার্ক) শেষ না করায় এক শিক্ষিকা তাকে মারধোর করেছিলেন। পরিবারের তথ্য় মতে, ঘটনার সময় শিশুটি ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে সঙ্গে শুরু হয় কাশি, তার পরই অসুস্থ হয়ে পড়ে সে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে পরিবারের দাবি, শিক্ষিকার মারধরের ঘটনার পরই এমনটা ঘটে। কর্তৃপক্ষের হাতে আসা স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষিকা শিশুটিকে বকাবকি করছেন; এরপর শিশুটি কাঁদতে শুরু করে এবং হাত-পা ছুঁড়ে এমনভাবে অঙ্গভঙ্গি করে যেন সে শিক্ষিকার কাছে অনুনয়-বিনয় করছে। এরপর শিক্ষিকাকে শিশুটির জামা ও প্যান্ট ঠিক করে দিতে এবং তারপর তাকে চড় মারতে দেখা যায়। এর কয়েক সেকেন্ড পরেই শিশুটি শিক্ষিকার কোলেই লুটিয়ে পড়ে। শিক্ষিকা বসে থাকা অবস্থাতেই তাকে তোলার চেষ্টা করেন বলে মনে হয়, কিন্তু শিশুটির কোনও সাড়া পাওয়া যায় না।