রবিবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এক সুবেদার-মেজর-এর মরদেহ বহনকারী সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়; এতে ওই সেনা কর্মকর্তার পরিবারের তিনজন সদস্য ও অ্যাম্বুলেন্স চালকের মৃত্য়ু হয়। পুলিশ এ তথ্য জানিয়েছে। চণ্ডীগড় থেকে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় তাঁর নিজ গ্রামে মরদেহটি নিয়ে যাওয়ার সময় সকাল ৮টার দিকে অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় এক্সপ্রেসওয়ের ৭৯.৬ কিলোমিটার মাইলফলকের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় সুবেদার-মেজর সত্যবানের ছেলে, ভাই ও ভাইপো এবং অ্যাম্বুলেন্স চালক প্রাণ হারান। পুলিশ জানায়, ওই সেনা কর্মকর্তার ছেলে গৌরব সিং (২৮) এবং অ্যাম্বুলেন্স চালক জসপাল (৩০) ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, সেনা কর্মকর্তার ভাই রাজন চৌধুরী (৩৫) এবং ভাইপো রাম সমুজ সিং (৪০)-কে অযোধ্যা জেলার পিথলা-কুমারগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
পুলিশের ভাষ্যমতে, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।