স্কুল বাসে সাত ঘণ্টা আটকে শিশু

নয়ডার একটি বেসরকারি স্কুলের পাঁচ বছর বয়সী এক ছাত্র বাসের মধ্যে ঘুমিয়ে পড়ার পর প্রায় সাত ঘন্টা ধরে স্কুল বাসের ভেতরে আটকে ছিল বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের মতে, বৃহস্পতিবার সকালে শিশুটি স্কুল বাসে উঠেছিল কিন্তু পিছনের সিটে ঘুমিয়ে পড়ে। বাসটি স্কুলে পৌঁছালে অন্যান্য শিশুরা নেমে পড়ে, কিন্তু কর্মীরা প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি বাস ইয়ার্ডে গাড়ি পার্ক করার আগে গাড়িটি পরীক্ষা করার প্রয়োজনও মনে করেনি বলে অভিযোগ রয়েছে। শিশুটি পার্ক করা বাসের মধ্যেই আটকে পরে, যখন ঘুম ভাঙে তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। দুপুরের দিকে ঘটনাটি সামনে আসে যখন মা তার সন্তানকে নিতে স্কুলে পৌঁছান এবং স্কুল জানায় সে এদিন স্কুলেই যায়নি। তবে পরিবহন রেকর্ডে দেখা যায় যে সে বাসে উঠেছিল, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিবার এবং স্কুল কর্তৃপক্ষ তল্লাশি শুরু করে। অবশেষে শিশুটিকে ডিপোতে পার্ক করা বাসের ভেতরে পাওয়া যায়। স্কুলের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠছে।