ফেব্রুয়ারির শুরু থেকেই শীত উধাও হয়েছে। একটু একটু করে গরম বাড়ছে। তা যে এত দ্রুত এই বিপুল আকাড় নেবে তা কে জানত। ফেব্রুয়ারিতেই গরমে নাজেহাল কলকাতা। পূর্বাভাস মার্চের শুরুতেই পারদ ছুঁতে পারে ৩৫ ডিগ্রি। ১২২ বছরে এই প্রথম ফেব্রুয়ারিতে এতটা গরম পড়ল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এবার গোটা দেশ জুড়ে বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলবে। তার ট্রায়াল রান শুরু হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তন হওয়ারও কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।