সোমবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হারের পর টি২০ বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026)-এর সুপার এইটে ওঠার রাস্তা অস্ট্রেলিয়ার জন্য আরও কঠিন হয়ে গেল। অনেকটাই প্রায় অসম্ভব। জিম্বাবোয়ের বিপক্ষে হারের পর এটি ছিল প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় পরাজয়। ফলস্বরূপ, অস্ট্রেলিয়া বর্তমানে গ্রুপ বি-এর পয়েন্ট টেবিলে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যার নেট রান রেট (এনআরআর) +০.৪১৪। অন্যদিকে, শ্রীলঙ্কা পাথুম নিসানকার অপরাজিত সেঞ্চুরির মাধ্যমে প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে তাদের স্থান নিশ্চিত করেছে। প্রতিযোগিতার সহ-আয়োজকদের এখন ৩ ম্যাচে ৬ পয়েন্ট।
যোগ্যতা অর্জনের জন্য, অস্ট্রেলিয়াকে শুধু যে ওমানের বিরুদ্ধে তাদের ম্যাচ জিততেই হবে তা নয় সঙ্গে অন্যান্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। জিম্বাবোয়ে যদি শ্রীলঙ্কা বা আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের বাকি যে কোনও একটি খেলায় জয়লাভ করে, তাহলে তাদের ৬ পয়েন্ট হবে এবং অস্ট্রেলিয়াকে প্রতিযোগিতা থেকে ছিটকে দেবে।
তবে, যদি জিম্বাবোয়ে তাদের দু’টি ম্যাচ হেরে যায় এবং অস্ট্রেলিয়া ওমানের বিরুদ্ধে জিততে পারে, তাহলে অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ড উভয়েরই ৪ ম্যাচে ৪ পয়েন্ট থাকবে। সেক্ষেত্রে, সুপার এইট পর্বে অস্ট্রেলিয়ার যোগ্যতা সম্পূর্ণরূপে নেট রানরেটের উপর নির্ভর করবে।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, নিশাঙ্কা (৫২ বলে ১০০) অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে ছেলেখেলা করেন, যার ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং পাঁচটি ছক্কায়। তিনি কুশল মেন্ডিসের (৩৮ বলে ৫১) সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৭ রান যোগ করেন, যার ফলে শ্রীলঙ্কা দুই ওভার বাকি থাকতেই লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয়।
এর আগে, অধিনায়ক মিচেল মার্শের ৫৪ এবং ট্র্যাভিস হেডের ৫৬ রানের সুবাদে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১০৪ রানে পৌঁছায় এবং ১৮১ রানে অলআউট হয়ে যায়, মূলত শ্রীলঙ্কান স্পিনারদের দাপটে।
লেগ-স্পিনার দুশান হেমান্থা ৩৭ রানে তিনটি এবং পেসার দুশমন্থা চামিরা দু’টি উইকেট পান। শেষ চারটি উইকেট মাত্র ছয় রানে পড়ে যায়।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
