দিল্লির ভেঙে পড়া বাড়ির মালিক আটক রাজস্থান থেকে

দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে বহু পুরনো একটি বহুতল বাড়ি ধসে সাতজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় সোমবার উদ্ধারকাজের দ্বিতীয় দিনের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। এদিকে, বাড়ি ধসে পড়ার ২৫ ঘণ্টা পর রাজস্থানের ভিওয়াদি থেকে বাড়ির মালিক হরিরাম গুপ্তাকে আটক করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে এক কর্মকর্তা জানিয়েছেন, “ভিওয়াদি থেকে হরিরাম গুপ্তাকে আটক করা হয়েছে। এই ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।” দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে অবস্থিত বহু পুরনো ওই পাঁচতলা বাড়িটিতে ছাত্রদের জন্য একটি ‘পিজি’ (পেয়িং গেস্ট) বা থাকার ব্যবস্থা ছিল। মেরামতির কাজ চলাকালীন বাড়িটি ধসে পড়ে।