Indian Cricket Team: প্রধান নির্বাচক প্রধান প্রজ্ঞান ওঝা, কমিটিতে রমেশ পাওয়ার

ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তন। প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের (Indian Cricket Team) নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান নিযুক্ত করল বিসিসিআই। তিনি অজিত আগরকরের স্থলাভিষিক্ত হলেন। একই সঙ্গে প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার রমেশ পোয়ারকে পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে নতুন সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

বিসিসিআই সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেস্ট ম্যাচ খেলার সংখ্যার ভিত্তিতে সিনিয়রিটি মেনে প্রজ্ঞান ওঝাকে নির্বাচক কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ওঝা ইতিমধ্যেই নির্বাচক কমিটির সদস্য ছিলেন এবং আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।

নতুন পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে রয়েছেন:

প্রজ্ঞান ওঝা — চেয়ারম্যান


  • শিবসুন্দর দাস

  • আরপি সিং

  • অজয় রাত্রা

  • রমেশ পোয়ার

এই কমিটিই আগামী দিনে ভারতীয় পুরুষ দলের বিভিন্ন ফরম্যাটের স্কোয়াড বেছে নেওয়ার দায়িত্ব সামলাবে।

নির্বাচক কমিটির নতুন সদস্য বাছাইয়ের প্রক্রিয়া পরিচালনা করে ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC)। কমিটিতে ছিলেন অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে। বিসিসিআই সদর দফতরে আবেদনকারীদের স্ক্রিনিং ও সাক্ষাৎকারের পর সিএসি সর্বসম্মতভাবে রমেশ পাওয়ারের নাম সুপারিশ করে।

ভারতের হয়ে পাওয়ার ২টি টেস্ট এবং ৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর তিনি কোচিংয়ের সঙ্গে যুক্ত হন। ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে কাজ করার পাশাপাশি মুম্বই ও গুজরাটের মতো ঘরোয়া দলের কোচ ছিলেন তিনি। সেন্টার অফ এক্সিলেন্স-এ বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভারতীয় মহিলা দলের কোচ থাকাকালীন তাঁর অধীনে দল এশিয়া কাপ জেতে এবং কমনওয়েলথ গেমসে রুপোর পদক পায়। ফলে আন্তর্জাতিক ক্রিকেট এবং কোচিং—দুই ক্ষেত্রের অভিজ্ঞতা নিয়েই জাতীয় নির্বাচক কমিটিতে প্রবেশ করছেন পাওয়ার।

এদিকে ভারতের হয়ে প্রজ্ঞান ওঝা ২৪টি টেস্ট, ১৮টি ওয়ান ডে এবং ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উপস্থিতি ছিল। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাঁর অভিজ্ঞতাই বর্তমান নির্বাচক কমিটিতে তাঁকে সবচেয়ে সিনিয়র করে তুলেছে।

ওঝার আন্তর্জাতিক কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত ছিল শচীন তেন্ডুলকরের বিদায়ী টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ের সেই ম্যাচে তিনি মোট ১০টি উইকেট নিয়েছিলেন।

এবার তাঁর সামনে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির বড় দায়িত্ব। বিভিন্ন ফরম্যাটের জন্য ক্রিকেটার নির্বাচন, তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া, চোট ও ফিটনেসের বিষয় বিবেচনা করা এবং বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য দল গঠন—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে তাঁকে।

অজিত আগরকর ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের একটি অত্যন্ত সফল সময় কেটেছে বলে বিসিসিআই জানিয়েছে। বোর্ড আগরকরের দায়বদ্ধতা, দৃঢ়তা এবং অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আগরকরের মেয়াদে ভারত তিনটি আইসিসি ট্রফি, দু’টি এশিয়া কাপ এবং পরপর দু,টি এশিয়ান গেমসের সোনা জিতেছে।

অক্টোবরের শুরুতে আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই তাঁর উত্তরসূরি নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সিনিয়রিটির ভিত্তিতে ওঝার হাতেই নির্বাচক কমিটির নেতৃত্ব তুলে দিল বোর্ড।

প্রজ্ঞান ওঝার নেতৃত্বে নতুন নির্বাচক কমিটি এখন ভারতীয় ক্রিকেটের পরবর্তী পর্যায়ের দল গঠনের দায়িত্ব নেবে। অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে ভারসাম্য তৈরি করাই হবে এই কমিটির অন্যতম বড় চ্যালেঞ্জ।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google