পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার হওয়া ২৩ বছরের যুবক প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হয়েছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে গাইঘাটায় ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গ্রেফতার করা হয়েছিল প্রহ্লাদকে। ঘটনার পুনর্নির্মাণ বা ক্রাইম সিন রিক্রিয়েশন-এর জন্য তাকে গাইঘাটার ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর প্রহ্লাদ সঙ্গে থাকা এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়। এরপর সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি পুলিশের। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।
পুলিশের গুলিতে গুরুতর জখম হয় প্রহ্লাদ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।