গুয়াহাটির হোটেলে গুলিতে মৃত ৫, আশঙ্কাজনক ১

অসমের গুয়াহাটিতে একটি হোটেলের ভিতরে ভয়াবহ গুলির ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার গুয়াহাটির বরা সার্ভিস এলাকার হোটেল বিলাস ইন-এ এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের মালিকপক্ষের সঙ্গে হোটেলটি লিজ নেওয়া ব্যক্তির বিবাদ থেকেই এই গুলিচালনার ঘটনা ঘটে। অভিযোগ, লিজগ্রহীতাই আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলের ভিতরে হামলা চালায়। এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক হেলেনা ভরালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, দেবর্ষির স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভরালি। ঘটনায় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঠিক কী নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ চলছিল এবং হামলার সময় কী ঘটেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।