ব্রিটেন যাওয়ার পথে বড়সড় বাধার মুখে পড়লেন ‘আরশোলা’ সৌরভ দাস। সোমবার মধ্যরাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছেও বিমানে উঠতে পারলেন না ককরোচ জনতা পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অভিযোগ, বিমানবন্দরে তাঁকে জানিয়ে দেওয়া হয়, তাঁর পাসপোর্ট নজরদারিতে রয়েছে। সেই কারণেই আপাতত বিদেশযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়।
নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার কথা জানিয়েছেন সৌরভ। জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আমন্ত্রণে ব্রিটেন যাওয়ার কথা ছিল তাঁর। সেখানে একটি সেমিনারে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেই উদ্দেশ্যেই বিমানের টিকিট কেটে দিল্লি বিমানবন্দরে পৌঁছেছিলেন। ফলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিদেশে গিয়ে সেমিনারে বক্তব্য রাখার পরিকল্পনা আপাতত ভেস্তে গেল।
সৌরভের এই সোশাল মিডিয়া পোস্ট সামনে আসতেই ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন তাঁর পাসপোর্ট নজরদারিতে রাখা হয়েছে এবং কোন নির্দেশের ভিত্তিতে তাঁকে বিদেশযাত্রা থেকে আটকানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও স্পষ্ট নয়।