১৬ ডিসেম্বরই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা!

বাংলাদেশের রাজনীতিতে ফের জল্পনা উসকে দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসেই দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এই প্রথমবার দেশে ফেরার জন্য নির্দিষ্ট একটি দিন ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল আলি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন বলে জানা গিয়েছে। তাঁর বক্তব্য, বাংলাদেশের ইতিহাসে ১৬ ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে এই দিনেই স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটির গুরুত্বের কথা মাথায় রেখেই দেশে ফেরার পরিকল্পনা করেছেন শেখ হাসিনা।

তবে বিষয়টি ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক জটিলতাও রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশের সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।


অন্যদিকে, বাংলাদেশের সরকারের অবস্থানও যথেষ্ট কঠোর। সে দেশের এক প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না। দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হতে পারে বলেও জানানো হয়েছে। ফলে ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবে কতটা সম্ভব হবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।